১৯ টাকা রিচার্জের ২৪ ঘণ্টা মেয়াদ। অপারেটর ভেদে অফার করা হয় দুই কিংবা তিন দিন পর্যন্ত। মোবাইল অপারেটরদের এমন রিচার্জ কার্ড নিয়ে গণশুনানির আয়োজনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু ।
তিনি বলেন, এই রিচার্জ বা ইন্টারনেট ব্যান্ডউইথ কি পঁচে যায়? এগুলোর মেয়াদের কী দরকার! এই মোবাইল অপারেটররা কোটি কোটি টাকা গ্রাহকের পকেট কেটে নিয়মিত নিয়ে যাচ্ছে। এই ব্যাপারে খুব দ্রুতই সিদ্ধান্তে আসা দরকার।
১৯ কোটি সিমকার্ড ব্যবহারকারীর পক্ষে বিটিআরসির এই গণশুনানিতে অংশ নেয়া গ্রাহকরা অসন্তোষ প্রকাশ করেন মোবাইল ডাটা প্যাকেজ নিয়ে। ক্ষোভ আছে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারেও। এমনকি রোমিং সেবায় মিনিটে ৩৩ টাকা খরচ করেও কথা বলতে না পারার অভিযোগ তুললেন এক গ্রাহক।
বিটিআরসি কার্যালয়ে গণশুনানিতে অংশ নেয়া গ্রাহক ও অতিথিদের একাংশ।
গ্রাহকের নানা প্রশ্ন-অভিযোগ থাকলেও কথা বলার সুযোগ পায়নি চার মোবাইল অপারেটর। বরং পরিস্থিতি সামাল দিতে হাল ধরেন খোদ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জানান, ডাটা প্যাকেজ নিয়ে শিগগিরই আসছে নতুন সিদ্ধান্ত। নজরদারিতে থাকবে গ্রাহকের ব্যালেন্সও।
তিনি বলেন, গ্রাহকের অজান্তে টাকা কেটে নেয়া, কিংবা তার ইন্টারনেট সেবায় যে কোনো গাফলতি না ঘটে, সে ব্যাপারে যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করা হবে।বিটিআরসির এবারের গণশুনানিতে নিবন্ধিত প্রশ্নকারী ছিলেন ৩ হাজার ২৫ জন।