স্টাফ রিপোর্টার ,কক্সবাজার :
কক্সবাজার টেকনাফ শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা সহ একটি নৌকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। এ সময় জড়িত ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন,টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার মোঃ রফিক (১৪), আবু তাহের (২০), মোঃ ইব্রাহিম (২৬) ও মোঃ ফারহান (২৪)।
১৮ মে ২০২৪ , শনিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক গণ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন , ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপ গোলাপাড়া ঝাউবন সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান চলাকালীন একটি ইঞ্জিন চালিত নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল টর্চ ও বাঁশির মাধ্যমে নৌকাটিকে থামার সংকেত প্রদান করে। সন্দেহ ভাজন ব্যক্তিরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত মায়ানমার জলসীমায় পালানোর চেষ্ঠা করলে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে নৌকাটি জব্দ করে।
পরবর্তীতে নৌকাটিকে তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা, ২ টি মোবাইল ফোন জব্দ করা হয় এবং ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় আটককৃতরা সবাই টেকনাফ উপজেলার নোয়াখালী গ্রামের বাসিন্দা।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা, নৌকা এবং আটককৃত মাদক ব্যবসায়ীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।