স্টাফ রিপের্টার, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটে ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলার কর্মস্থল থেকে গ্রামের বাড়ি ফিরছেন তাঁরা। এ কারণে বৃহস্পতিবার সকাল থেকে লঞ্চে যাত্রীদের বেশ ভিড় দেখা গেছে। তবে, ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ ছিল স্বাভাবিক। কোন ভোগান্তি ছাড়াই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পারাপার হচ্ছেন যাত্রীরা।
১৩ জুন,২০২৪ ,বৃহস্পতিবার সকাল থেকে সরেজমিন দেখা যায়, ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে লোকাল বাসে ঘরমুখো যাত্রীরা পাটুরিয়ায় ঘাট এলাকায় আসছেন। লঞ্চঘাট থেকে প্রায় আধা কিলো মিটার দূরে পুরনো ট্রাক টার্মিনালে থামছে লোকাল বাসগুলো। এরপর যাত্রীরা বাস থেকে নেমে সেখান থেকে হেঁটে মালামাল নিয়ে পাটুরিয়া লঞ্চঘাটের দিকে যাচ্ছেন। পরে টিকিট সংগ্রহ করে লঞ্চে গিয়ে উঠছেন তাঁরা। আবার যাত্রীদের কেউ কেউ ইজিবাইক, রিকশায় করে যাচ্ছেন ফেরিঘাটে। এরপর এসব ফেরিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পারাপার হয়ে নিজ নিজ গন্তব্যের দিকে যাচ্ছেন। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন রোধে নৌ পুলিশ, বিআইডব্লিউটি-এ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিআইডব্লিউটি-এর আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌপথে ৩৪ টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে পাটুরিয়ায় ২২টি ও আরিচায় ১২টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হবে। এ ছাড়া আরিচা-কাজিরহাট নৌরুটে যাত্রী পারাপারে ৪৮টি স্পিড বোট আছে। তবে রাতের বেলায় লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ থাকবে।
অপর সূত্রে জানা যায়, পদ্মা নদীতে পানি বাড়ার কারণে প্রচণ্ড স্রোত বইছে। এই স্রোতের প্রতিকূলে লঞ্চগুলোকে চলাচল করতে কিছুটা সময় বেশি লাগছে। স্বাভাবিক অবস্থায় লঞ্চগুলো ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই পাটুরিয়া থেকে দৌলতদিয়া প্রান্তে চলাচল করতে পারে।
বিআইডব্লিউটি-এর আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা মো. মামুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, ইদে অতিরিক্ত যাত্রী পরিবহন না করতে লঞ্চের মাস্টার ও সুকানিদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, আরিচা-কাজিরহাট নৌপথে স্পিড বোটেও অতিরিক্ত যাত্রী বহন করতে নিষেধ করা হয়েছে।