খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির চেঙ্গী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মো. জিসান(১৫)। ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
শনিবার(১৩ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের শান্তি নগরস্থ চেঙ্গী নদীতে মাছ ধরতে গিয়ে সে নিখোঁজ হয়। জিসান গঞ্জপাড়া এলাকার মো: মিজানের ছেলে।
জানা যায়, সকালে জিসান নরসিংদী থেকে বেড়াতে আসা খালাতো ভাই জাকিরসহ চারজন মিলে চেঙ্গী নদীতে মাছ ধরতে যায়। এসময় সে নদীতে তলিয়ে গেলে আশপাশের লোকজন খোঁজাখুজি শুরু করেন। পরে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বিকাল সাড়ে ৩ টার দিকে চেঙ্গী নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হাসান জানান, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।