দীর্ঘ ১৩ বছর জাতীয় জনশুমারির উদ্যোগ নিয়েছে ভারত। এখনও শুমারি শুরুর দিন-তারিখ নির্ধারিত হয়নি, দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন—শিগগিরই সরকার আনুষ্ঠানিকভাবে শুমারির দিন-তারিখ ঘোষণা করবে।
প্রসঙ্গত, ভারতে প্রথম জনশুমারি হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ১৮৮১ সালে। তারপর থেকে প্রতি ১০ বছর পর পর দেশটিতে জনসংখ্যার গণনা চলে আসছে। সেই অনুযায়ী ২০২১ সালে দেশটিতে শুমারি হওয়ার কথা ছিল।
তবে ভারতের জনসংখ্যা সম্পর্কিত সাম্প্রতিক তথ্য যে একেবারে নেই— এমন নয়। ২০২৩ সালের ১৯ এপ্রিল বৈশ্বিক জনসংখ্যা বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। সেখানে বলা হয়, ভারতের মোট জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লাখ এবং চীনকে টপকে এই মুহূর্তে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। দ্বিতীয় স্থানে থাকা চীনের জনসংখ্যা সে সময় ছিল ১৪২ কোটি ৫৭ লাখ।