খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে গত ২১-২৩ সেপ্টেম্বর পার্বত্যাঞ্চলে ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের ফলে বাঘাইহাট জোনের আওতাধীন সাজেক এলাকায় প্রায় ১৪শ পর্যটক আটকা পরে। ২৪ সেপ্টেম্বর যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় খাগড়াছড়ি ফিরতে সক্ষম হয় পর্যটকেরা।
অবরোধ কার্যকর করতে পাহাড়ি ছাত্র ও স্থানীয় লোকজন মিলে ২১ সেপ্টেম্বর থেকে বাঘাইহাট – সাজেক জোনের বিভিন্ন স্থানে সড়কে গাছ, বৈদ্যুতিক খুঁটি, আড়াআড়িভাবে ট্রাক রেখে এবং টায়ার পুড়িয়ে রাস্তা চলাচলের অনুপযোগী করে তোলে। সেনাবাহিনীর প্রচেষ্টায় ও স্থানীয়দের সহায়তায় (২৩ -২৪ সেপ্টেম্বর ২০২৪) সোমবার রাতে ও মঙ্গলবার সকালে বিভিন্ন স্থানের বাঁধা অপসারণ করে সড়ক চলাচল উপযোগী করে।
এ ছাড়াও ২০ সেপ্টেম্বর রাতে শুকনাছড়া ও উলুছড়া এলাকায় ছোট দুটি কালভার্টের লোহার পাটাতন দুর্বৃত্তরা সরিয়ে নিয়ে যায়, ফলে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।২৩ সেপ্টেম্বর রাতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাটাতন পুনরায় স্থাপন করে সড়ক চলাচলের উপযোগী করা হয়। বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধানে এবং রিসোর্ট মালিক সমিতির সম্মতিতে সাজেকে আটকে পড়া পর্যটকদের রিসোর্টে থাকার ভাড়ার ৫০-৭৫ শতাংশ মওকুফ করা হয়।
২৪ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে রাস্তার সকল বাঁধা অপসারণের পর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে সেনাবাহিনীর এসকর্ট সহায়তায় সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এদিন ১ হাজার ৪’শ জন পর্যটক ২’শ ৪৪টি লোকাল যানবাহন (১১২টি লোকাল জিপ, ১০৯টি বাইক ও ২৩টি সিএনজি) যোগে সেনাবাহিনী ও পুলিশ এসকর্ট সহায়তায় সাজেক থেকে পর্যটকেরা খাগড়াছড়ি জেলা সদরে ফিরে আসে।