চট্টগ্রাম প্রতিনিধি:
বান্দরবানে স্বজনের কবর জিয়ারত করতে যাওয়ার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আনোয়ারা ঝুটমিল বিদ্যুৎ অফিস-সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রুজি আক্তার (৬০) ও তাঁর মেয়ে মোছাম্মৎ নাজমা খাতুন (৪২)। আহতদের মধ্যে নাজমা খাতুনের স্বামী আসলাম হোসেন রয়েছেন। আহত অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে ছেড়ে আসা মাইক্রোবাসটি বাড়বকুণ্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মাইক্রোবাসটি সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা যাত্রীরা আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুজি আক্তার ও নাজমা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বার আউলিয়া হাইওয়ে থানায় দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত নাজমা খাতুনের শ্বশুরের কবর জিয়ারতের উদ্দেশ্যে তাঁরা ঢাকার মোহাম্মদপুর থেকে বান্দরবান যাচ্ছিলেন। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেলে এ হতাহতের ঘটনা ঘটে।
এসআই আসাদ আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্বজনের কবর জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করা পরিবারটির জন্য এ দুর্ঘটনা এক মর্মান্তিক পরিণতি নিয়ে এসেছে।