থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচিতে পর্যটকদের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সরকারি দপ্তরের উন্নয়ন কার্যক্রম পর্যালোচনায় আইনশৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।
সভায় পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধি, রাতে সিকিউরিটি লাইট স্থাপন, সৌরবিদ্যুতের সম্প্রসারণ, সরকারি কৃষিজমি অবৈধ দখলমুক্ত রাখা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া থানচি মডেল মসজিদের কার্যক্রম ও টিএনটি পাড়া মসজিদের বরাদ্দের অর্থ ছাড়পত্র-সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়েও মতামত তুলে ধরা হয়।
সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মসফিকুর রহমান, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সরকারি উন্নয়ন কার্যক্রমে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।