থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে (প্রবারণা পূর্ণিমা) উদ্যাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চার দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি হয়। এতে উপজেলার প্রায় ১১৫টি মারমা গ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন।
উৎসব উপলক্ষে বর্ণাঢ্য রথ শোভাযাত্রা, সাঙ্গু নদীতে রথ বিসর্জন, ধর্মদেশনা, পিণ্ডদান, হাজার প্রদীপ প্রজ্বালন, ফানুস ওড়ানো, পিঠা তৈরি, ঘিলা খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, এ উৎসব ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করে।