ঢাকা, , ,
ঢাকা, , ,

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরে ধাক্কা, আহত ২০

নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনকে বেগমগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বেগমগঞ্জ- সোনাইমুড়ি সড়কের বেচার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে যায়। এক পর্যায়ে বাসটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিসহ কাত হয়ে যায়। এতে খুঁটি ভেঙ্গে বৈদ্যুতিক তার ছিড়ে আগুন লাগে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আবদুল হালিম বলেন, ঢাকা থেকে আসা দুইটি বাস প্রতিযোগিতা করে একটা আরেকটাকে ওভারটেক করতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে। লাল সবুজ পরিবহনের বাস ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলে। আমি নারী শিশুসহ অসংখ্য যাত্রীকে বাস থেকে বের করি। ট্রাক্টরের যাত্রীগুলো রাস্তায় পড়ে ছিল। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

বেগমগঞ্জের চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের মো. মোজাম্মেল হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা এখানে এসেছি। মূলত বিদ্যুতের খুঁটিতে লাল সবুজ পরিবহণ বাসের ধাক্কা লাগায় ট্রান্সফরমার পড়ে যায়। ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনীর সহকারী প্রকৌশলী শরীফ আহমেদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি আমাদের বিতরণ বিভাগের ট্রান্সফরমার পড়ে আছে। যেটা দিয়ে আমরা গ্রাহকদের বিদ্যুৎ প্রদান করি। লাল সবুজ বাসের ধাক্কায় আমাদের ১২ মিটার পিলার ভেঙে গেছে। পার্শ্ববর্তী পল্লি বিদ্যুতের খুঁটিও ভেঙে গেছে। আমরা দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর চেষ্টা করছি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেগমগঞ্জ- সোনাইমুড়ি সড়কে ঢাকা থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী লাল সবুজ ও হিমাচল নামে দ্রুতগতির দুটি বাস একটি অন্যটিকে অতিক্রম করছিল। এ সময় লাল সবুজ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পেছনের দিক দিয়ে সজোরে ধাক্কা খেয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিসহ কাঁত হয়ে যায়। এতে খুড়ি ভেঙ্গে যায় এবং তাৎক্ষণিক বৈদ্যুতিক তার ছিড়ে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com