শরীয়তপুরের জাজিরায় স্বামীর শাবলের আঘাতে তানিয়া আক্তার (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বুধবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের খলিফাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তানিয়া আক্তার ওই গ্রামের জসিম হাওলাদারের (৩৬) স্ত্রী। এ দম্পতির দুই ছেলে রয়েছে। ঘটনার পর জসিমকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তানিয়া-জসিমের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার দুপুরেও তাঁদের দুজনের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরের মধ্যে থাকা একটি শাবল দিয়ে তানিয়ার মাথায় আঘাত করে জসিম। তখন তানিয়া মেঝেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর জসিম আটক হলেও তাঁর পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়েছে।
নিহত তানিয়ার বাবা শাহরিয়া জামাল বলেন, গতকাল তানিয়া আমার বাড়িতে আসে। আমাকে বলে, আমার স্বামী ৮ হাজার টাকা দিতে বলেছে। পরে আমি ৮ হাজার টাকা দিয়ে পাঠিয়ে দিই। রাতে দরজা বন্ধ করে জসিম ও তাঁর পরিবার আমার মেয়েকে মারধর করে। পরে আজ দুপুরে জসিম আমার মেয়েকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার বিচার চাই।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঝগড়ার একপর্যায়ে জসিম তাঁর স্ত্রী তানিয়াকে শাবল দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তানিয়ার মৃত্যু হয়। ঘটনার পর জসিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।